সম্প্রতি প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘ক্রসমার্কেট.এআই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ ও আর্থিক লেনদেন পরিচালনার বিষয়টি তাদের নজরে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত এমন প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিত প্ল্যাটফর্মে বিনিয়োগ করলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ ধরনের লেনদেনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে ব্যবহারকারীরা আইনগত সমস্যাতেও পড়তে পারেন। তাই নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে মোবাইল অ্যাপ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ব্যবহার করে পরিচালিত অনুমোদনহীন ঋণ কার্যক্রম নিয়েও সতর্ক করেছিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নজরে এসেছে—কিছু প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্ম ডিজিটাল মাধ্যমে দ্রুত এবং সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে কার্যক্রম পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের মোবাইল ফোনের কন্টাক্টস, ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।
ঋণ দেওয়ার পর তা আদায়ের সময় গ্রাহকদের চাপ প্রয়োগ, ভয় দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অভিযোগও পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কর্মকাণ্ডের কারণে মানুষের অর্থের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, দেশে ঋণ প্রদান কার্যক্রম নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এবং প্রচলিত আইন ও বিধি অনুসরণ না করে কোনো অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ দেওয়ার কার্যক্রম বৈধ নয়।
বিএফআইইউয়ের নজরে আসা অনুমোদনহীন ঋণদাতা অ্যাপের তালিকায় রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়ানজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, ক্যাশহোরো, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।
নিউজ বাংলা চ্যানেল