ঢাকা | খ্রি.

ভেরাক্রুজে গাড়ির ভেতর মেক্সিকোর এমপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
ভেরাক্রুজে গাড়ির ভেতর মেক্সিকোর এমপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মেক্সিকোর আসন্ন স্থানীয় ও কেন্দ্রীয় নির্বাচনের কয়েক মাস আগে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রভাবশালী সংসদ সদস্য জেনিয়াজেন এসকোবার। শুক্রবার পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যে নিজের গাড়ির ভেতর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় ও খনিজ তেলসমৃদ্ধ ভেরাক্রুজের প্রতিনিধি ছিলেন এসকোবার। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লিজবেথ জিমেনেজ জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্তের জন্য ফাইল প্রস্তুত করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ভেরাক্রুজের সেক্রেটারি জেনারেল রিকার্ডো আহুয়েদ জানান, এমপিকে বহনকারী গাড়িটিতে বাইরে থেকে বড় ধরনের আঘাত বা ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার পর মেক্সিকোর প্রতিনিধি পরিষদ (নিম্নকক্ষ) গভীর শোক জানিয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে তারা।

আগামী ৬ জুন মেক্সিকোতে মেয়র, রাজ্য আইনসভা, সিটি কাউন্সিল ও গভর্নর পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে একজন প্রভাবশালী আইনপ্রণেতা হত্যার ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মেক্সিকোর নির্বাচনী রাজনীতিতে অপরাধী চক্রের হস্তক্ষেপ দীর্ঘদিনের ঘটনা। এলাকা নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক প্রভাব ধরে রাখার স্বার্থে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই প্রার্থীদের লক্ষ্য করে হামলা চালায়।

মানবাধিকার সংস্থা ‘ডাটা সিভিকা’র তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই মেক্সিকোর ১১টি রাজ্যে অন্তত ৩০টি রাজনৈতিক সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ১৪টি ছিল হত্যাকাণ্ড।

দেশটির জাতীয় নির্বাচন কমিশন (আইএনই) এরই মধ্যে সতর্ক করেছে যে, সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো মেক্সিকোর রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। এর আগে ভোটের দিন অস্ত্রধারীদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট বাক্স চুরি এবং আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স