ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব বন্ধু দিবস : বন্ধুত্বের দিন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2025 ইং | Photo Card
বিশ্ব বন্ধু দিবস : বন্ধুত্বের দিন আজ ছবির ক্যাপশন: সংগৃহীত ফাইল ছবি
ad728

সাব্বির নেওয়াজ : নির্বাক করে দেওয়া এক মুহূর্ত। গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে ছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আরমান হোসেন মোস্তফা। তার সামনেই হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। সহপাঠীদের বাঁচাতে ছুটে যায় সে। আগুনে পোড়া, রক্তাক্ত একজনকে ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল মোস্তফা। ভিডিও থেকে নেওয়া এই দৃশ্যের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির একটি রূপক ক্যাপশন– ‘আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং বলল, আমি জানতাম তুমি আসবে!’ এই কথাগুলো শত-সহস্র চোখে এনেছে জল।

এটি শুধু একটি সাহসিকতার গল্প নয়– বন্ধুত্বের নির্ভেজাল সংজ্ঞা। বন্ধুত্ব মানে আত্মার সম্পর্ক, সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকা। বন্ধু মানে তৃষ্ণার্ত জীবনে এক আঁজলা শীতল জল। এই চিরন্তন অনুভূতিকে একটু আলাদাভাবে স্মরণ করতেই প্রতিবছর পালিত হয় ‘বিশ্ব বন্ধু দিবস’। আজ সেই দিন।

বন্ধু দিবসের ইতিহাস নিয়ে রয়েছে নানা মত। ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে এক বন্ধুর আত্মত্যাগের ঘটনার পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের প্রথম রোববারকে ‘ফ্রেন্ডশিপ ডে’ ঘোষণা করে মার্কিন কংগ্রেস। ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশে দিবসটি পালিত হয় আগস্ট মাসের প্রথম রোববার। আবেগ-ভালোবাসায় পালিত হয় এই দিন। বন্ধুরা একে অপরকে উপহার দেন, একসঙ্গে সময় কাটান, স্মৃতি রোমন্থন করেন। 

২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে রাজপথে গড়ে ওঠা সম্পর্কও নতুন করে সংজ্ঞায়িত করেছে ‘বন্ধু’ শব্দটিকে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। একজনকে বাঁচাতে আরেকজন এগিয়ে গেছেন জীবন বাজি রেখে। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুজাইফা, আবীর, বাবলু, রতন, শামীম, সুবর্ণা, কবিরসহ অনেকেই ছিলেন রাজপথের যোদ্ধা। 

বুক চিতিয়ে দাঁড়িয়েছেন গুলির মুখে। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আন্দোলনে বিজয়ের পরও থেকেছেন ঐক্যবদ্ধ। দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে, স্লোগান লিখে স্মরণ করছেন শহীদদের।

আজ বন্ধু দিবস উপলক্ষে নানা পরিকল্পনা নিয়েছেন অনেকেই। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তন্ময় হালদার বন্ধুদের নিয়ে আজ যাবেন পাহাড়ে। রফিকুল ইসলাম ও তাঁর কয়েকজন বন্ধু নানা আয়োজন করেছেন দিবসটি উদযাপনে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তারা।  অফিসে কাজ শেষে বন্ধুরা মিলে সংগীতসন্ধ্যার আয়োজন করবেন বলেও জানালেন রফিকুল। ছাত্রজীবনে তারা ক্যাম্পাসে একসঙ্গে গান-বাজনা করতেন। 

মাজহারুল আবেদিন মারুফ বন্ধু দিবস উদযাপনের আয়োজন শুরু করেছেন কিছুদিন আগে। জানালেন বন্ধুদের একসঙ্গে কাটানোর সময়ের ছবিগুলো প্রিন্ট করিয়ে নিয়েছেন। সেগুলো দিয়ে বানাচ্ছেন অ্যালবাম। বন্ধুরা বেশ অবাক হবেন এমন উপহার দেখে।

বন্ধুদের জন্য নিজের হাতে কেক বানাবেন বলে জানালেন গৃহবধূ সাবিহা নওয়ারা। বললেন, ইউটিউব দেখে কেক বানানো শিখেছেন। বন্ধু দিবসে বিকেলে দাওয়াত দিয়েছেন কাছের কয়েকজনকে। বাসায় কেক কেটে উদযাপন করবেন দিনটি।

বন্ধু দিবসে উপহার হিসেবে অনেকেই দেন ফুল, চকলেট, বই, কিংবা একটি ভালোবাসা ভরা মগ। তবে সবচেয়ে বড় উপহার একসঙ্গে কাটানো মুহূর্তগুলো। বন্ধুত্ব মানে হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক অনুভব। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই– ‘বন্ধু হে আমার, বন্ধু হে আমার, প্রেমেরই বাঁধনে বাঁধা তুমি আমার।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স