ঢাকা | খ্রি.

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাত, নিহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাত, নিহত ৪ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি আবাসিক বাড়িতে এ ঘটনা ঘটে।

ইরানের রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, হামলার পর স্বজন হারানো পরিবারগুলোর মধ্যে শোক নেমে এসেছে। ইরান সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে স্বজনহারা ও আহত ব্যক্তিদের কান্নার শব্দও শোনা যায়।

এর আগে হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিলেন, ঘটনায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

সিরিক কাউন্টি হরমুজ প্রণালির তীরে অবস্থিত। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাব হিসেবেই এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার ইরানের বিভিন্ন গণমাধ্যমে হরমুজ উপকূলের শহরগুলো এবং দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের একটি বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবরও প্রকাশিত হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। জবাবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালিয়ে আসছে।

প্রথম ধাপের ৪০ দিনের তীব্র বোমাবর্ষণ শেষ হলেও হরমুজ প্রণালিকে ঘিরে বিক্ষিপ্ত হামলা এখনো অব্যাহত রয়েছে। এতে ওই অঞ্চলে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ল মার্কিন সেনারা

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ল মার্কিন সেনারা