নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও বিভিন্ন মন্তব্য করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।
এ সময় ড. ইউনূসের সঙ্গে ছিলেন লামিয়া মোর্শেদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি তৈরি হলে তারা দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান। তবে এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার এবং যুবলীগ নেতা সাগর ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে তাদের উপস্থিতি ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয়। একই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে বলে জানা যায়।
সাম্প্রতিক ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
নিউজ বাংলা চ্যানেল