ঢাকা | খ্রি.

হামজাকে ছাড়াই সাফ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং | Photo Card
হামজাকে ছাড়াই সাফ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। ফিফার আন্তর্জাতিক বিরতির সময়সূচির সঙ্গে টুর্নামেন্টের সূচি মিলে না যাওয়ায় হামজা চৌধুরীসহ অধিকাংশ প্রবাসী ফুটবলারকে শুরুতে দলে পাওয়া অনিশ্চিত। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে নিজেদের যাত্রা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা শুরু হবে ৪ নভেম্বর। তবে ফিফার আনুষ্ঠানিক আন্তর্জাতিক বিরতি শুরু হচ্ছে ৯ নভেম্বর। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রবাসী ফুটবলারদের বড় একটি অংশকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর ক্লাবের ম্যাচ রয়েছে ৭ নভেম্বর পর্যন্ত। অন্য প্রবাসী খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ধরনের সূচিগত জটিলতা দেখা দিয়েছে।

জাতীয় দল কমিটির বৈঠক শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি তুলে ধরে বলেন, “সাফে উদ্বোধনী ম্যাচের জন্য আমরা পূর্ণ স্কোয়াড পাব না। ৯০ শতাংশ প্রবাসী খেলোয়াড়কে ৯ নভেম্বরের পরে পাব। ফলে প্রথম ম্যাচের পর হয়তো আমাদের ভিন্ন দল নিয়ে খেলতে হবে। সাফের ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর।”

টুর্নামেন্টের আগে প্রস্তুতি জোরদার করতেও উদ্যোগ নিচ্ছে বাফুফে। আন্তর্জাতিক বিরতির আনুষ্ঠানিক সময় শুরুর আগেই একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এ জন্য বিদেশি কোনো দলকে বাংলাদেশে আনা অথবা কোনো ক্লাবের সঙ্গে আলোচনা করে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল।

এদিকে, দেশের ঘরোয়া লিগে মাঠের দুরবস্থা এবং খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফেডারেশন।

সর্বশেষ আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজম করে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই ব্যর্থতার পর জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলিকে নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেন, ফুটবলে খেলোয়াড় ও কোচিং স্টাফের পরিবর্তন স্বাভাবিক বিষয়। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের প্রয়োজনে যেকোনো সময় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

তাবিথ আউয়াল আরও জানান, আসিয়ান কাপের পারফরম্যান্সের বিষয়ে ফেডারেশনের প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় আনা হয়েছে। তিনি নিজেও সংশ্লিষ্ট কমিটির কাছে জবাবদিহি করবেন। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্সের ক্ষেত্রেও আরও দায়বদ্ধতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, দেশের বাইরে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার পরিধি বাড়াতে চায় বাফুফে। এ লক্ষ্যে ইংল্যান্ডে ১৪ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে বছরে দুটি ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে একই ধরনের ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল