মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন স্থান ও ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ এবার নতুন মাত্রা পেয়েছে। এবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য এটি আরও মর্যাদাপূর্ণ ও সুন্দর একটি নাম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রস্তাব তার নিজের কাছেও ‘দারুণ’ লেগেছে বলে জানান ট্রাম্প।
এরপর হোয়াইট হাউসও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে। ছবিতে নিউ মেক্সিকোর নামের ‘মেক্সিকো’ অংশটি বাদ দিয়ে সেখানে ‘আমেরিকা’ লেখা দেখা যায়।
তবে ট্রাম্পের প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজন গ্রিশাম। ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অঙ্গরাজ্যটির নাম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকেই এ নামটির সঙ্গে নিউ মেক্সিকোর ইতিহাস ও পরিচয় জড়িয়ে আছে।
গভর্নর আরও অভিযোগ করেন, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন জনগণের মনোযোগ অন্যদিকে সরাতেই ট্রাম্প এ ধরনের বিতর্কিত বিষয় সামনে আনছেন।
ট্রাম্পের স্থান ও ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার একটি আদেশে স্বাক্ষর করেন তিনি। কানাডা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ উদ্যোগ প্রত্যাখ্যান করে।
এ ছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইঙ্গিত দেন, বিষয়টি নিয়ে তিনি পুরোপুরি আন্তরিক নন।
২০২৫ সালে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। তবে মেক্সিকো সরকার সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।
নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের নতুন প্রস্তাব ঘিরেও এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মার্কিন কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া একটি গুজব বা ধারণা থেকেই ট্রাম্পের নতুন প্রস্তাবের সূত্রপাত হতে পারে।
নিউজ বাংলা চ্যানেল