ঢাকা | খ্রি.

জোড়ায় জোড়ায় মেসি-সুয়ারেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং | Photo Card
জোড়ায় জোড়ায় মেসি-সুয়ারেজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  আকাশি-নীল জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে আবেগঘন বিদায়। চোখে জল, মুখে হাসি নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর চার দিন পরই ক্লাবের গোলাপি জার্সিতে চেনা রূপে ফিরলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করে নিজের ছন্দের জানান দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। দুই তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। বাংলাদেশ সময় গতকাল সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মিয়ামির গোল উৎসব শুরু করেন সুয়ারেজ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খাতায় নাম লেখান মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের প্রথম স্পর্শেই বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৬০ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে নিজের অসাধারণ ড্রিবলিংয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। দেশের জার্সিতে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড এবার ক্লাবের হয়ে মাঠে ফিরেও বুঝিয়ে দিলেন, তার গোলক্ষুধা এখনো অটুট। ডিসি ইউনাইটেডের বিপক্ষে একটি গোলে সুয়ারেজের অ্যাসিস্টও ছিল। চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। পাশাপাশি রয়েছে ১৩টি অ্যাসিস্ট। সব মিলিয়ে ক্যারিয়ারে তার গোল এখন ৯৩৪টি। অন্যদিকে সুয়ারেজেরও দারুণ সময় কাটছে। ডিসি ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চলতি লিগে তার গোলসংখ্যা ১৫। সঙ্গে রয়েছে ৯টি অ্যাসিস্ট। টানা তৃতীয় মৌসুমে ২০টির বেশি গোলে অবদান রাখলেন এই উরুগুইয়ান তারকা। এই জয়ে দীর্ঘদিনের হতাশাও কিছুটা কাটল মিয়ামির। আগের ১১টি লিগ ম্যাচে জয় ছিল মাত্র একটি। আন্তর্জাতিক বিরতির আগে কলম্বাসের কাছে ২-১ গোলে হেরেছিল দলটি। এবার বড় জয়ে জয়ের ধারায় ফিরল তারা। ডিসি ইউনাইটেডকে হারিয়ে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। শীর্ষ দলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকলেও মৌসুমের শেষ ভাগে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে মেসি-সুয়ারেজের দল।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ