ঢাকা | খ্রি.

যাত্রী হয়রানি-লাগেজ চুরি বন্ধে কঠোর ব্যবস্থা চান খেলাফত আন্দোলনের আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং | Photo Card
যাত্রী হয়রানি-লাগেজ চুরি বন্ধে কঠোর ব্যবস্থা চান খেলাফত আন্দোলনের আমির ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা, যাত্রী ভোগান্তি ও লাগেজ থেকে মালামাল চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, দামি প্রসাধনী, ইলেকট্রনিকস সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্র লাগেজ কেটে চুরির অভিযোগ প্রায়ই সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি যাত্রী ব্যবহার করা এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে ঘিরে দীর্ঘদিন ধরেই যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে লাগেজ কেটে মালামাল চুরির ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে যে ধরনের শৃঙ্খলা, নিরাপত্তা, দক্ষ ব্যবস্থাপনা ও যাত্রীবান্ধব পরিবেশ থাকার কথা, শাহজালাল বিমানবন্দরে তার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পর দেশে ফেরা প্রবাসী, নারী ও শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রথমবার বিদেশে যাতায়াতকারী যাত্রীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হচ্ছেন।

খেলাফত আন্দোলনের আমির বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু দেশের সাধারণ যাত্রীদের যাতায়াতের কেন্দ্র নয়; বিদেশি পর্যটক, ব্যবসায়ী, কূটনীতিক, বিনিয়োগকারীসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্যও এটি বাংলাদেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যাত্রী হয়রানি ও সেবার নিম্নমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি শাহজালাল বিমানবন্দরকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর বিমানবন্দরে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, কোনো যাত্রী যাতে অসৌজন্যমূলক আচরণ বা অপ্রয়োজনীয় হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি যাত্রী হয়রানি ও চুরির সঙ্গে জড়িত অসাধু চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মাওলানা মিয়াজী আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই বিমানবন্দরের সার্বিক সেবার মান নিশ্চিত হবে না। দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করতে একটি শক্তিশালী ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যাত্রীসেবা নিশ্চিত করতে বিমানবন্দরের টার্মিনাল, টয়লেট, অপেক্ষাকক্ষ, খাবারের স্থান, বসার জায়গা এবং যাত্রী চলাচলের পথ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও দাবি জানান তিনি। একই সঙ্গে বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষকের স্বার্থেই পেঁয়াজ আমদানি নয়, সিদ্ধান্তে অটল সরকার: কৃ

কৃষকের স্বার্থেই পেঁয়াজ আমদানি নয়, সিদ্ধান্তে অটল সরকার: কৃ