সৈয়দ এম এ জিন্নাহ্ : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ের (সাধারণ) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন কবি নজরুল সরকারি কলেজ, ঢাকার অধ্যাপক ড. মো. সিরাজুর রাসুল। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
এবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের মোট ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দিয়েছে সরকার। তাঁদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিক পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন শিক্ষক রয়েছেন। এছাড়া সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এ সম্মাননা পেয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর মনোনীত আরও সাতজন শিক্ষককেও সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
জাতীয় পর্যায়ে কলেজ পর্যায়ের (সাধারণ) ক্যাটাগরিতে নির্বাচিত অধ্যাপক ড. মো. সিরাজুর রাসুল বর্তমানে কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ড. সিরাজুর রাসুল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববিহাজ্জজ এমপি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ড. সিরাজুর রাসুল বলেন, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি তাঁর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও মানসম্মত শিক্ষা প্রদান এবং তাঁদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে তাঁকে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের সঠিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক সমাজকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পাওয়ায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নিউজ বাংলা চ্যানেল