রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অলি আহমদের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১১-দলীয় জোটের পক্ষ থেকে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। এ সময় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্য থাকতে হবে। একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে সেগুলোর মধ্যে একটি মনোনয়নপত্র চূড়ান্ত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজ বাংলা চ্যানেল