ঢাকা | খ্রি.

সমাজসেবা অধিদপ্তরের ১,৪৮৫ পদে আবেদন ২১ লাখ, প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং | Photo Card
সমাজসেবা অধিদপ্তরের ১,৪৮৫ পদে আবেদন ২১ লাখ, প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গত মে মাসে ১৩ থেকে ২০তম গ্রেডের ৫২ ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সমাজসেবা অধিদপ্তর। অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২ জুন থেকে ২৩ জুন পর্যন্ত। পদ অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ১০০ টাকা।

তবে আবেদন গ্রহণ শেষ হওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ জানান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার পদ্ধতি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, এর আগে এত বড় সংখ্যক প্রার্থী নিয়ে নিয়োগ পরীক্ষা আয়োজনের অভিজ্ঞতা তাদের নেই। বিপুল আবেদনকারীর জন্য পরীক্ষাকেন্দ্র নির্ধারণ, প্রশ্নপত্র মুদ্রণ, পরিদর্শক নিয়োগ এবং উত্তরপত্র মূল্যায়ন—সব ক্ষেত্রেই বড় ধরনের লজিস্টিক ও আর্থিক চাপ তৈরি হয়েছে।

এ কারণে লিখিত, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক এবং মৌখিক—এই তিন ধাপে পরীক্ষা নেওয়ার কাঠামো চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত নিয়োগ সম্পন্ন করার প্রস্তুতি চলছে। তবে এত বিপুলসংখ্যক আবেদনকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগে আবেদনকারীর সংখ্যা সাম্প্রতিক পাঁচটি সাধারণ বিসিএসের যেকোনো একটির চেয়েও বেশি। সর্বশেষ ৫০তম বিসিএসে ২ হাজার ১৫০ পদের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার প্রার্থী। এর আগে ৪৯তম, ৪৭তম, ৪৬তম ও ৪৫তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল যথাক্রমে ৩ লাখ ১২ হাজার, ৩ লাখ ৭৪ হাজার, ৩ লাখ ৩৭ হাজার এবং ৩ লাখ ৪৬ হাজার।

এবার সমাজসেবা অধিদপ্তরের নিয়োগে আবেদনকারীর সংখ্যা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যাকেও ছাড়িয়েছে। ২০২৬ সালের ওই পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী।

অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি ৪৭৮টি অফিস সহায়ক পদ। এসব পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ৩১২ জন সমাজকর্মী নিয়োগ দেওয়া হবে। এসব সমাজকর্মী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন ও যাচাইয়ের দায়িত্ব পালন করবেন।

অর্থনীতিবিদদের মতে, সরকারি চাকরিতে এত বিপুল আবেদন বেসরকারি খাতে কর্মসংস্থানের সংকটেরও প্রতিফলন। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বেসরকারি খাতের সম্প্রসারণ থমকে থাকায় প্রতিযোগিতামূলক বেতন, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদার কারণে মানুষ সরকারি চাকরির দিকে বেশি ঝুঁকছে। তাঁর মতে, করপোরেট খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়লে সরকারি চাকরিতে এত বেশি চাপ তৈরি হতো না।

বাংলাদেশ ব্যাংকের তথ্যেও বেসরকারি খাতের ধীরগতির চিত্র পাওয়া যাচ্ছে। জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম।

অন্যদিকে বিডিজবসের পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তির সংখ্যা কমেছে, বিপরীতে সরকারি চাকরিতে আবেদন বেড়েছে। বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের ক্ষেত্রে এই চাপ অর্থনীতির জন্য একটি সতর্ক সংকেত।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহম

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহম