রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এদিকে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, লারাক দ্বীপে থাকা ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে মার্কিন সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে।
এক মাসেরও বেশি সময় পর ইরানের মাটিতে এ ধরনের মার্কিন হামলার ঘটনা ঘটল। হামলায় সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার কথা জানিয়ে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার প্রায় এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের লারাক দ্বীপের একটি স্থাপনা মার্কিন ড্রোনের লক্ষ্যবস্তু হয়। কিছু প্রাথমিক বেসরকারি প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, হামলায় দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালির প্রবেশপথে অবস্থিত লারাক দ্বীপে হামলা ও বিস্ফোরণের ঘটনায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আইআরজিসি জানিয়েছে, রোববারের মার্কিন হামলায় কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
হামলার প্রতিক্রিয়ায় উপযুক্ত জবাব দেওয়া এবং এর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি সংগঠনটি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
নিউজ বাংলা চ্যানেল