রোববার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষাদানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিদ্যমান সক্ষমতা নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার বর্তমান কার্যক্রম আধুনিকীকরণ, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা এবং এ খাতে দক্ষ জনবল গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
সভায় অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তৃতীয় ভাষা শিক্ষাদানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের মানুষের চাহিদা বাড়াতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ কারণেই তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ভাষা ইনস্টিটিউটের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে স্বল্পমেয়াদি ও সার্টিফিকেট কোর্স সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহী তরুণদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন উপাচার্য।
নিউজ বাংলা চ্যানেল