ঢাকা | খ্রি.

ব্রাজিলে ভোট শেষ, লুলা-ফ্লাভিওর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
ব্রাজিলে ভোট শেষ, লুলা-ফ্লাভিওর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বড় ছেলে ও সিনেটর ফ্লাভিও বোলসোনারো। ভোটের আগে প্রকাশিত জনমত জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে খুব কম ব্যবধানের লড়াইয়ের আভাস পাওয়া যায়।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রবিবারের নির্বাচনে প্রায় ১৬ কোটি নিবন্ধিত ভোটারের ভোট দেওয়ার সুযোগ ছিল। একই দিনে আইনপ্রণেতা, গভর্নর ও সিনেটর নির্বাচনেও ভোট দেন দেশটির নাগরিকরা। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু থাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল জানা যেতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেতে ব্যর্থ হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ক্ষেত্রে দ্বিতীয় দফার ভোট আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের আগে অধিকাংশ জরিপে লুলা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে দ্বিতীয় দফার নির্বাচন হলে দুই প্রার্থীর ব্যবধান আরও সংকুচিত হতে পারে বলেও জরিপের ফলাফলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

রবিবার রিও ডি জেনেইরোতে ভোট দেন ফ্লাভিও বোলসোনারো। ভোট দেওয়ার পর তিনি বলেন, তিনি ‘ব্রাজিলের জনগণকে মুক্ত করতে’ চান। আলজাজিরার প্রতিবেদনে তার বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, দেশটির পরিবর্তন প্রয়োজন। উচ্চ কর এবং নারীদের হত্যার মতো সমস্যাগুলো আর সহ্য করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রথম দফাতেই জয় পাওয়ার আশাও প্রকাশ করেন ফ্লাভিও।

শ্রমিক পার্টির নেতা লুলা এবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন। তবে তার আগের মেয়াদগুলো ধারাবাহিক ছিল না। ৮০ বছর বয়সী লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনী প্রচারে তিনি বৈষম্য কমাতে চালু করা সামাজিক কর্মসূচিগুলো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে ৪৫ বছর বয়সী ফ্লাভিও বোলসোনারো লিবারেল পার্টির প্রার্থী। অপরাধ ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফ্লাভিওর বাবা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে ১ দশমিক ৮ শতাংশ ব্যবধানে হারের পর অভ্যুত্থানের ষড়যন্ত্রে ভূমিকা রাখার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়।

জাইর বোলসোনারো ও কয়েকজন সামরিক কর্মকর্তার এই সাজা ব্রাজিলের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। একই সঙ্গে দেশটির ২১ বছরের সামরিক শাসনের সময়কার ঘটনাগুলোও আবার আলোচনায় এসেছে।

নির্বাচনী প্রচারে অপরাধ, নিরাপত্তাহীনতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি দুর্নীতি এবং ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশঙ্কাও আলোচনায় ছিল। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েস্টের সাম্প্রতিক জরিপে ৩১ শতাংশ মানুষ সহিংসতাকে তাদের সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। এরপর ২০ শতাংশ দুর্নীতি, ১৯ শতাংশ অর্থনীতি এবং ১২ শতাংশ স্বাস্থ্যসেবাকে প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন।

এখন ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা চলছে। ফল প্রকাশের পরই জানা যাবে কোনো প্রার্থী বৈধ ভোটের অর্ধেকের বেশি পেয়েছেন কি না। তা না হলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় মুখোমুখি হবেন সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শ