রবার্ট লেভানডফস্কির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলভারেজকে টার্গেট করে আনুষ্ঠানিকভাবে ১০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। অ্যাতলেতিকো সেটি প্রত্যাখ্যান করলেও লাপোর্তার বিশ্বাস, ২৬ বছর বয়সী ফরোয়ার্ড নিজেও ক্যাম্প ন্যুতে যেতে আগ্রহী।
বুধবার ক্লাব চ্যানেলে দেওয়া বক্তব্যে লাপোর্তা বলেন, ‘জনশ্রুতি ও চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আলভারেজ নিজেও বার্সায় যোগ দিতে চান। অ্যাতলেতিকোর প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী তাকে সই করানোর আশা ধরে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অ্যাতলেতিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাই। তাই আমাদের দেওয়া প্রস্তাবটি টেবিলেই রয়েছে।
আশা করি দুই ক্লাবের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হবে। আমি আবারও বলছি, আমরা অ্যাতলেতিকো মাদ্রিদ ও তাদের পরিচালকদের সর্বোচ্চ সম্মান জানিয়েই এই পদক্ষেপ নিচ্ছি।’
আলভারেজকে ঘিরে চলতি গ্রীষ্মের দলবদলে একের পর এক নাটকীয় ঘটনা ঘটেছে। প্যারিস সেন জার্মেই ও রিয়াল মাদ্রিদও এই আর্জেন্টাইন তারকাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। রিয়াল তার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও সফল হয়নি বলে জানানো হয়েছে।
এর মধ্যেই বার্সার বিরুদ্ধে ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনে অভিযোগ করে অ্যাতলেতিকো। তাদের অভিযোগ ছিল, বার্সেলোনা অন্যায্যভাবে আলভারেজের সঙ্গে গোপনে যোগাযোগ করেছে।
তবে সেই অভিযোগ নাকচ করে লাপোর্তা জানান, আলভারেজকে পাওয়ার বিষয়ে বার্সার আগ্রহের বিষয়টি তারা সরাসরি অ্যাতলেতিকো কর্তৃপক্ষকেই জানিয়েছিল। তিনি বলেন, ‘কোচ হান্সি ফ্লিক আলভারেজকে খুব করে চাইছেন। আমি নিজে অ্যাতলেতিকোর সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিনকে ফোন করে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাকে জানান, বিকল্প কোনো ফরোয়ার্ড না পাওয়ায় তারা আলভারেজকে ছাড়বে না। পরে যখন শুনলাম অ্যাতলেতিকো অন্য ক্লাবের (চেলসি বা আর্সেনাল) সঙ্গে আলোচনায় বসছে, তখন আমরাও নিজেদের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছি। আমরা চাই আলভারেজ অন্য কোথাও নয়, বার্সাতেই আসুক।’
এর আগে গত জুনে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভারেজও বলেছিলেন, দলবদলই সংশ্লিষ্ট সব পক্ষের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারে এবং নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি।
তবে অ্যাতলেতিকোতে থেকে যাওয়ার সম্ভাবনার মধ্যেও সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আলভারেজ। গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে মেট্রোপলিটানো স্টেডিয়ামে তিনি মাঠে নামার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শোনা যায়।
ম্যাচ শেষে অ্যাতলেতিকোর খেলোয়াড়রা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও কোচ দিয়েগো সিমিওনের পরামর্শে আলভারেজ সেখানে যাননি। তিনি একাই ড্রেসিংরুমের টানেলের দিকে চলে যান।
নিউজ বাংলা চ্যানেল