ঢাকা | খ্রি.

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং | Photo Card
ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রকাশ করেছে সাহিত্য পত্রিকা ‘আভাস’। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে পত্রিকাটির প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সম্পাদনায় প্রকাশিত ‘আভাস’-এর প্রথম সংখ্যায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসুকে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এরপরও প্রায় ২০টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং এরই মধ্যে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের এবং ডাকসুর কাজকে বাধাগ্রস্ত কিংবা অসহযোগিতা করে আমাদের থামিয়ে দেওয়া যাবে না। শিক্ষার্থীরা আমাদের যে জনরায় দিয়েছেন, আমরা তা বাস্তবায়ন করে যাব।”

সাদিক কায়েম জানান, ‘আভাস’-এর জন্য প্রায় ৬০০টির বেশি লেখা জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে কিছু লেখা প্রথম সংখ্যায় প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ সুন্দরভাবে প্রকাশনাটি প্রকাশের চেষ্টা করা হয়েছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ডাকসু শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে এবং এসব কাজে অর্থও ব্যয় করেছে। তবে যেকোনো কাজ শেষ পর্যন্ত সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে স্থায়ী রূপ পায়। সাহিত্যের মাধ্যমেই একটি সময়ের কাজ ও চিন্তা দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

‘আভাস’ পত্রিকাটি শতবর্ষ টিকে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীরা এই পত্রিকার মাধ্যমে উপকৃত হওয়ার পাশাপাশি লেখালেখির দক্ষতাও আরও শাণিত করতে পারবেন।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ডাকসুর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সাহিত্য পত্রিকা প্রকাশ অন্যতম। পত্রিকাটি প্রকাশ করতে পেরে তারা আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা না থাকলে এটি আরও আগেই প্রকাশ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, পত্রিকাটিতে অনেক শিক্ষার্থীর লেখা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে, যা ভবিষ্যতে তাদের আরও বেশি লেখালেখিতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, প্রথম সংখ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক গল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সংখ্যাগুলোতে জুলাইয়ের বিষয়সহ সাহিত্যের অন্যান্য বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং পত্রিকাটির সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আভাস’-এর প্রথম সংখ্যা আরও অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরে ব্যক্তিগত ও বেসরকারি উৎস থেকে অর্থের ব্যবস্থা করে পত্রিকাটি প্রকাশের উপযোগী করতে সময় লেগেছে।

তিনি আরও জানান, বাকি দুই সংখ্যাও শিগগিরই প্রকাশের পরিকল্পনা রয়েছে। আপাতত শিক্ষার্থীরা ডাকসু থেকে ‘আভাস’ সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পত্রিকাটি পাওয়া যাবে।

অনুষ্ঠানে পত্রিকার সহসম্পাদক আশফাকউল্লাহ আসিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দীন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির, সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল ইসলাম, জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নিরদ স্যার আর নেই : ঐতিহ্যবাহী কালীপ্রসন্ন বিদ্যালয়ে শোকের ছ

নিরদ স্যার আর নেই : ঐতিহ্যবাহী কালীপ্রসন্ন বিদ্যালয়ে শোকের ছ