ঢাকা | বঙ্গাব্দ

জামিনে-মুক্তি পেয়েিই হামলার অভিযোগ , ফের উত্তপ্ত বড়কুলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং | Photo Card
জামিনে-মুক্তি পেয়েিই হামলার অভিযোগ , ফের উত্তপ্ত বড়কুলা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নড়াইল প্রতিনিধি : নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে মুক্ত হওয়ার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত দুইজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ ফেব্রুয়ারি ভোরে খায়ের চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে খলিল শেখের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যা মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য পারভিন বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে খায়ের চেয়ারম্যানের স্ত্রী, বোন শেফালী (মেম্বার), বাবুল, বেগমসহ আরও কয়েকজন তাদের বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটির সৃষ্টি হলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শেফালী মেম্বার হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক অজয় কুমার বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স