ঢাকা | খ্রি.

জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহে সৌদি আরব-কাতারের সহায়তা চাইল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং | Photo Card
জ্বালানি নিরাপত্তা ও এলএনজি সরবরাহে সৌদি আরব-কাতারের সহায়তা চাইল বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) ১৭তম সম্মেলনের সাইডলাইনে পৃথকভাবে এসব বৈঠক হয়। সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকগুলোর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, আলোচনায় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়ও উঠে এসেছে।

সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আলোচনা

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানিবিষয়ক লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা চান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জবাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা আরও বাড়ানোর আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

দুই দেশের মধ্যে প্রতিনিধি বিনিময় এবং সহযোগিতার জন্য একটি সমঝোতা কাঠামো গড়ে তোলার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ ও গ্যাস অনুসন্ধান নিয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানান বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি হামলার নিন্দা জানিয়ে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি সংগ্রহের পাশাপাশি আমদানির উৎস ও রুটের বৈচিত্র্য বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দেন দুই পক্ষের প্রতিনিধিরা।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহ এসিডব্লিউএ পাওয়ারের

এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার