রোববার (৯ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন। সভাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।
নির্ধারিত সূচি অনুযায়ী, ইউনিট-এ পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭, ইউনিট-ই ৮ জানুয়ারি, ইউনিট-বি ১৫ জানুয়ারি, ইউনিট-সি ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ইউনিট-এ, বি, সি ও ই-এর পরীক্ষা শুক্রবার এবং ইউনিট-ডি-এর পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। দেশের বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষার আয়োজন করা হবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে শিক্ষার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে ন্যূনতম জিপিএর শর্তও নির্ধারণ করা হয়েছে।
ইউনিট-এ: এসএসসি ও এইচএসসি/সমমান মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। এর কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না।
ইউনিট-বি: দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
ইউনিট-সি: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ অন্তত ৬.৫০ হতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে থাকা যাবে না।
ইউনিট-ডি: দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ প্রয়োজন। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
ইউনিট-ই: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
ভর্তি কার্যক্রম সমন্বিতভাবে সম্পন্ন করতে সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
নিউজ বাংলা চ্যানেল