ঢাকা | খ্রি.

সরকারি কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
সরকারি কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সরকার পরিচালনায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি—যেই দায়িত্বে অবহেলা করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

বইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্ধকার দূর করতে বই প্রদীপের মতো ভূমিকা রাখে। মানবসভ্যতার বিকাশে বইয়ের বিকল্প নেই। বর্তমানে মাইক্রোফোন, টেলিভিশন ক্যামেরা, অডিও রেকর্ডিং ও সংবাদ সংগ্রহের মতো যেসব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, সেগুলোও বিজ্ঞানেরই অবদান।

রিজভীর ভাষ্য, বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও থিওরি বইয়ে সংরক্ষিত হওয়ার কারণেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়তে ও চর্চা করতে পেরেছে। সেই জ্ঞান থেকেই সময়ের সঙ্গে নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি হয়েছে। তাই বইয়ের প্রয়োজনীয়তা এখনো অপরিবর্তিত রয়েছে।

বই পড়া ও জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, মানুষ বই না পড়লে, জ্ঞান অর্জন না করলে এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হলে তার মনের জগৎ ও বাইরের পৃথিবী—দুটিই অন্ধকারে থেকে যাবে। তাঁর মতে, বই হলো মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জনের মাধ্যমে মনের পাশাপাশি বহির্বিশ্বের অন্ধকারও দূর করা সম্ভব।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচিত তারেক রহমানের সরকারকে নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে। তবে গত পাঁচ মাসে সরকার কী কী করেছে, বিভিন্ন ঘটনা ও পরিসংখ্যানসহ তার বিবরণ বইটিতে তুলে ধরা হয়েছে। এসব ঘটনা জনগণ দেখেছে এবং জানে। তবে তথ্যগুলো একত্র করে একটি সুসংগঠিত গ্রন্থে প্রকাশ করা হলে সেটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের পাশাপাশি সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতিও রয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, তার সংক্ষিপ্ত বিবরণও বইটিতে রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে কাজ করছেন। দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, সেটিও তিনি নিজে পর্যবেক্ষণ করছেন।

রিজভীর দাবি, দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী কোনো ধরনের গাফিলতি করছেন না। বরং কোনো আমলা, বুরোক্রেসির কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সময়ে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, প্রধানমন্ত্রী তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন এবং জনগণের কল্যাণে কাজ করতে উৎসাহিত করছেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্বে বিএনপি বা জোট সরকার জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে যেসব উদ্যোগ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোর মোটামুটি বিস্তৃত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সরকারবিরোধী অপপ্রচার প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, কলঙ্ক লেপনের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চাইছে, তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে বইটি ভূমিকা রাখবে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তাঁর নিবেদনের তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান নিয়ে প্রকাশিত এ ধরনের গ্রন্থ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে।

রিজভী আরও বলেন, এই বইয়ের মাধ্যমে মানুষ বুঝতে পারবে, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার, বিভ্রান্তি ও মিথ্যাভিত্তিক বক্তব্য ছড়াচ্ছে, তারা মূলত সরকারের ভালো কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অন্যরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার ৪

গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার ৪