ঢাকা | খ্রি.

জোড়া গোল করে লিগস কাপে ইতিহাস গড়লেন মেসি, মায়ামির দাপুটে জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
জোড়া গোল করে লিগস কাপে ইতিহাস গড়লেন মেসি, মায়ামির দাপুটে জয় ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অ্যাতলেটিকো দে সান লুইসের বিপক্ষে জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

মেসির দুই গোলের ওপর ভর করে বৃহস্পতিবার ভোরে মায়ামির নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচজুড়ে বৃষ্টির প্রভাবও ছিল। দ্বিতীয়ার্ধে খেলা ২৫ মিনিট পার হওয়ার পর তুমুল বৃষ্টির কারণে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে খেলা আবার শুরু হলেও আর কোনো গোল হয়নি।

ফলে বিরতির আগেই পাওয়া ৪-২ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে মায়ামি।

তবে ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য মোটেও স্বস্তির ছিল না। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো দে সান লুইস। অবশ্য দ্রুতই ম্যাচে ফিরে আসে মায়ামি।

১১তম মিনিটে বাঁ প্রান্ত থেকে নোয়া অ্যালেনের নিখুঁত পাস পেয়ে গোলমুখের সামনে থেকে শটে লক্ষ্যভেদ করেন মেসি। বিশ্বকাপ বিরতির পর ক্লাবের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল, যা মায়ামিকে সমতায় ফেরায়।

এরপর ২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে আবারও আলোচনায় আসে অ্যালেন-মেসি জুটি। ৪৪তম মিনিটে বাঁ দিক থেকে আসা অ্যালেনের পাস নিয়ন্ত্রণে নিয়ে কয়েক কদম এগিয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান মেসি।

দ্বিতীয় গোলটির মাধ্যমে লিগস কাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। এর ফলে প্রতিযোগিতাটির ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

মায়ামির চতুর্থ গোলেও অবদান রাখেন মেসি। তার নেওয়া নিখুঁত কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁইয়ে জালে পাঠান মিকায়েল দোস সান্তোস।

দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধে তৈরি করা ৪-২ ব্যবধানই ধরে রেখে ম্যাচ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালক

চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালক