ভোটকেন্দ্র চালুর সময় দূতাবাসে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। এ সময় রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ভোট দিতে আসা নাগরিকদের সক্রিয় নাগরিক ভূমিকার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
ভোটারদের জন্য দূতাবাস প্রাঙ্গণে রাশিয়ার মানচিত্রসংবলিত একটি ছবি তোলার স্থানও রাখা হয়েছে। ভোট দেওয়ার পর সেখানে নিজেদের শহর চিহ্নিত করে স্মরণীয় ছবি তোলার সুযোগ পাচ্ছেন তারা।
ঢাকার ভোটকেন্দ্রে সময়ের সঙ্গে বিভিন্ন রুশ নাগরিক ভোট দিতে আসছেন। তাদের কয়েকজন সন্তানদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। দেশের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা নিজেদের নাগরিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত তুলে ধরছেন।
এর আগে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় স্টেট ডুমা নির্বাচনের আগাম ভোট অনুষ্ঠিত হয়। সেখানে কর্মরত রুশ নাগরিকদের কর্মস্থল থেকে বের না হয়েই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তিন দিনের ওই ভোটগ্রহণে ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন।
রাশিয়ায় প্রতি পাঁচ বছর পরপর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে বিদেশে থাকা রুশ নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে বিশ্বের ১৫২টি দেশে রুশ কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ৩০০টির বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল