ঢাকা | খ্রি.

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : খ্যাতনামা প্রকৌশলী ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতা শেখ মুহাম্মদ শহীদুল্লাহর কর্মময় জীবন ও অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক নাগরিক স্মরণসভায় এ দাবি ওঠে।

বক্তারা বলেন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন খ্যাতনামা প্রকৌশলীই ছিলেন না, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষার বিভিন্ন সামাজিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও উদ্যোগেই গ্যাস রপ্তানি প্রতিরোধের আন্দোলন গড়ে উঠেছিল।

সভায় তাঁর প্রকৌশলগত অবদানের কথাও তুলে ধরা হয়। বক্তারা জানান, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা স্টেডিয়াম সংস্কার, শিল্প ভবন, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশ বিমান ভবন সংস্কারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও সংস্কারে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বল। এতে বক্তব্য দেন জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের সহকর্মী রুস্তম আলী খোকন, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থপতি অসিত বরণ সাহা, অ্যাডভোকেট প্রহলাদ দেবনাথ, গ্রিন ভয়েসের সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমনসহ আরও অনেকে।

স্মরণসভা শুরুর আগে শেখ মুহাম্মদ শহীদুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর লেখা কবিতা আবৃত্তি করেন উদীচীর বন্ধু অনুপ পোদ্দার ও অ্যাডভোকেট ফারহানা আক্তার। এরপর তাঁর জীবনী পাঠ করেন গ্রিন ভয়েসের সংগঠক ফাহমিদা নাজনীন।

সভা শেষে শেখ মুহাম্মদ শহীদুল্লাহর স্মরণে প্রতি বছর স্মরণসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তাঁর লেখা ডায়েরি প্রকাশের উদ্যোগের কথাও জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ