ঢাকা | খ্রি.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর যান চলাচল ধীরগতির থাকলেও বিকেলের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের বিস্তৃতি দাউদকান্দি হয়ে ইলিয়টগঞ্জ পর্যন্ত পৌঁছে যায়।

শনিবার সকালেও মহাসড়কের এই অংশে যানবাহনের গতি প্রায় থেমে ছিল। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং পণ্যবাহী গাড়ির শ্রমিকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রাতে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর ব্রিজ থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কিছু জায়গায় গাড়ি ধীরে চললেও অধিকাংশ সময় যানবাহন প্রায় স্থির অবস্থায় ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাড়ির সারিও আরও দীর্ঘ হতে থাকে।

মধ্যরাতে যানজটে আটকে থাকা বাসযাত্রী সাইফুল আলম জানান, সন্ধ্যায় কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত দাউদকান্দিতে পৌঁছাতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান তিনি।

আরেক যাত্রী জাহিদ বলেন, রাত থেকে সড়কে আটকে থাকার পরও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না। বাসে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন বলেও জানান তিনি।

দূরপাল্লার বাস স্টারলাইনের চালক আহমেদ করিম বলেন, মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে একটি লেন বন্ধ থাকায় সব গাড়িকে অন্য একটি লেন ব্যবহার করে চলতে হচ্ছে। এ কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম জানান, আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে অপর একটি লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চালাতে হচ্ছে। এতে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রক্তের গ্রুপেও কি স্ট্রোকের ঝুঁকি? গবেষণায় মিলেছে চমকপ্রদ তথ

রক্তের গ্রুপেও কি স্ট্রোকের ঝুঁকি? গবেষণায় মিলেছে চমকপ্রদ তথ