নিউজ বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের মুখাবয়ব বসিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট ভিডিও তৈরি করে প্রচার করা কোনো বিনোদন নয়, বরং অপরাধ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে এআই দিয়ে তৈরি কয়েকটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। পরে পেজটি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। তিনি প্রশ্ন তোলেন, একজন মানুষকে সম্মান করতে হলে কেন তাঁকে নিজের পরিবারের সদস্য হতে হবে? তাঁর মতে, প্রত্যেক মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কেউ কারও মা, বোন কিংবা পরিবারের সদস্য কি না, তা বিবেচনা না করে মানুষ হিসেবে সবার প্রতি সম্মান দেখানো উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক ও শেয়ার বাড়ানোর প্রতিযোগিতায় অন্যকে অপমান করে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। অনলাইন কনটেন্ট তৈরির মাধ্যমে অনেকের জীবিকা নির্বাহের বিষয়টি স্বীকার করলেও জনপ্রিয়তা কিংবা অর্থ উপার্জনের জন্য কাউকে হেয় করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
মেহজাবীনের ভাষ্য, এ ধরনের ক্ষতিকর কনটেন্টের শিকার নারী-পুরুষ যে কেউ হতে পারেন। তাই শুধু আপত্তিকর ভিডিও তৈরি করা ব্যক্তিদের নয়, জেনেশুনে সেসব ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
ভিডিও কিংবা কোনো সংবেদনশীল কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে নিজের বিবেক ও দায়িত্ববোধের কথা ভাবার আহ্বান জানিয়েছেন মেহজাবীন। তাঁর বক্তব্যে স্পষ্ট, অনলাইনে জনপ্রিয়তা অর্জনের চেয়ে মানুষের মর্যাদা ও সম্মান রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ।
নিউজ বাংলা চ্যানেল