সোমবার (৩১ আগস্ট) আকস্মিকভাবে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। সেখানে তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৌনেটায় অফিসে যান। আপনারা যদি এমন করেন তাহলে কি আমরা সেবাটা দিতে পারব? সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।’
কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত না থেকেও আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি নজরে এলে ক্ষোভ প্রকাশ করেন মীর হেলাল। এ ধরনের জালিয়াতির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’
এ সময় সরকারি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি। মীর হেলাল বলেন, ‘কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অনিয়মের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।’
নিউজ বাংলা চ্যানেল