ঢাকা | খ্রি.

ইউএস ওপেনে জভেরেভের সামনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ, প্রতিপক্ষ শেলটন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
ইউএস ওপেনে জভেরেভের সামনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ, প্রতিপক্ষ শেলটন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  দারুণ ছন্দে থাকা আলেক্সজেন্ডার জভেরেভ আবারও ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। ২০২০ সালের পর দ্বিতীয়বারের মতো বছরের শেষ গ্র্যান্ড স্লামের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছেন জার্মানির এই টেনিস তারকা। ফাইনালে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ২৩ বছর বয়সী বেন শেলটন।

আর্থুর অ্যাশ স্টেডিয়ামে সেমিফাইনালে কারেন খাচানভকে সরাসরি তিন সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জভেরেভ। জার্মান তারকা ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬ (৮-৬) গেমে জয় পান।

২০২০ ইউএস ওপেনের ফাইনালেও খেলেছিলেন জভেরেভ। তবে পাঁচ সেটের লড়াইয়ে ডমিনিক থিমের কাছে হেরে সেবার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। এবার সেই হতাশা পেছনে ফেলে ইউএস ওপেনে প্রথম এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ এসেছে ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের সামনে।

চলতি বছরও দারুণ ধারাবাহিক জভেরেভ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল পর্যন্ত খেললেও ফাইনালে উঠতে পারেননি। এরপর টানা তিন গ্র্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বদেশী ফ্রান্সেস তিয়াফোকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন বেন শেলটন। ফাইনালে জায়গা করে নেওয়ার মাধ্যমে তিনি গড়েছেন একটি বিশেষ রেকর্ড। আর্থুর অ্যাশের পর প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন শেলটন। সর্বশেষ কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে ১৯৭২ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন আর্থুর অ্যাশ।

তিয়াফোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেট ৬-৩ ব্যবধানে হেরে শুরু করেছিলেন শেলটন। এরপর টানা তিন সেট জিতে ম্যাচ নিজের করে নেন ২৩ বছর বয়সী এই আমেরিকান তারকা। আর্থুর অ্যাশ স্টেডিয়ামে তার জয়ের স্কোর ছিল ৩-৬, ৬-৩, ৬-৩, ৭-৫।

দ্বিতীয় সেমিফাইনালের আগে শেলটন ও তিয়াফোর ম্যাচটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন জভেরেভ। তবে প্রতিপক্ষ হিসেবে যিনিই আসুন, আমেরিকার স্বপ্ন পূরণ হতে দিতে চান না বলেও জানিয়েছিলেন তিনি।

শেলটন প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হওয়ার আগে জভেরেভ বলেছিলেন, ‘আমার মনে হয়, খেলাটা (দ্বিতীয় সেমিফাইনাল) ভীষণ স্পেশাল হতে যাচ্ছে। বিশেষ করে এই দুটো ছেলেকে, দর্শকরা ওদের দারুণ পছন্দ করেন এবং সবাই ওদের ভালোবাসেন। আজ রাতের সেমিফাইনালটা একেবারেই মহাকাব্যিক হবে এবং আমি তা দেখার অপেক্ষায় আছি। তবে আশা করি, আমি ওদের সেই আমেরিকান স্বপ্নটা পূরণ হতে দেব না।’

আগামীকাল আর্থুর অ্যাশ স্টেডিয়ামেই মুখোমুখি হবেন জভেরেভ ও শেলটন। সেখানে জভেরেভের সামনে থাকবে ইউএস ওপেনের প্রথম এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন

২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত: পেন্টাগন