ঢাকা | খ্রি.

ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর রবার্ট প্যাটিনসন অভিনীত ‘প্রাইমটাইম’ ছবিটি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিনেমাটির প্রদর্শনী শেষ হওয়ার পর প্রায় সাত মিনিট ধরে মিলনায়তনজুড়ে করতালি ও উচ্ছ্বাস দেখা যায়।

বিখ্যাত রিয়েলিটি শো ‘টু ক্যাচ এ প্রিডেটর’-এর উপস্থাপক ক্রিস হ্যানসেনকে অনুসরণ করে নির্মিত চরিত্রে প্যাটিনসনের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। প্রদর্শনীর সময় অভিনেতার সঙ্গে ছিলেন তার সঙ্গী সুকি ওয়াটারহাউস। সিনেমা শেষে দর্শকদের করতালির মধ্যেই প্যাটিনসনকে জড়িয়ে ধরে অভিবাদন জানান তিনি।

ছবিটির পরিচালক ল্যান্স ওপেনহাইম এবং এ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হওয়া গায়িকা-গীতিকার ফোবি ব্রিজার্সকেও দর্শকরা করতালির মাধ্যমে সম্মান জানান।

প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর ব্যানারে নির্মিত ‘প্রাইমটাইম’ তৈরি হয়েছে ‘এস্কোয়ার’ পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষাপটে। ছবিতে একটি টেলিভিশন অনুষ্ঠান কীভাবে জটিল স্টিং অপারেশনের মাধ্যমে শিশু যৌন নিপীড়কদের মুখোশ উন্মোচন করত, সেই ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

ভেনিস উৎসবের মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন লায়ন’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। তথ্যচিত্র নির্মাতা ল্যান্স ওপেনহাইমের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

‘প্রাইমটাইম’-এর মাধ্যমে প্যাটিনসনের ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য যোগ হলো। চলতি বছর তার একাধিক আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। পাশাপাশি বড় বাজেটের আরও কিছু চলচ্চিত্রের কাজও তার হাতে রয়েছে।

এদিকে বর্তমানে লন্ডনে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’ সিনেমার শুটিং করছেন প্যাটিনসন। সেখান থেকে অল্প সময়ের বিরতি নিয়ে ‘প্রাইমটাইম’-এর প্রদর্শনীতে অংশ নিতে তিনি ভেনিসে এসেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স