জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৮৩টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৭১৫টি মামলা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। হেল্পলাইনটির টোল ফ্রি নম্বর ‘১৬৬৯৯’। কারাবন্দিদেরও এসব ব্যবস্থার মাধ্যমে আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা নিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সহায়তার উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ আওতায় সরকারি অর্থায়নে এই সেবা চালু রয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল