নিউজ বাংলা ডেস্ক: অস্বচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ৪ লাখ ৮২ হাজার ৯০৬টি মামলায় আইনগত সেবা দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এই সহায়তার তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৮৩টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৭১৫টি মামলা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। হেল্পলাইনটির টোল ফ্রি নম্বর ‘১৬৬৯৯’। কারাবন্দিদেরও এসব ব্যবস্থার মাধ্যমে আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা নিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সহায়তার উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ আওতায় সরকারি অর্থায়নে এই সেবা চালু রয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে।