আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সংবাদকর্মীরা।
বুধবার (৬ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতারা স্মারকলিপির মাধ্যমে এ আলটিমেটাম দেন।
সাংবাদিক নেতারা সিইসিকে বলেন, নীতিমালায় এমন কিছু বিধান রয়েছে- যা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধক। এ নীতিমালায় সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এ নীতিমালা স্বাধীন সাংবাদিকতা, তথ্য অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।
সিইসিকে দেওয়া স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলো- নীতিমালা প্রণয়নে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশের সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে। ভোটকক্ষে সাক্ষাতকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।
এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আরএফইডির সভাপতি কাজী জেবেলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরএফইডির নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সাংবাদিকরা বক্তব্য দেন।
ওই সভায় সর্বসম্মতভাবে সিইসিকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা বলেন, এ নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনি পর্যবেক্ষণে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।
সভায় নতুন কর্মসূচি ঘোষণা করে আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, এ নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে এ নীতিমালা সংশোধন না করা হলে বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কভারেজ করবেন না। আগামী ১৫ দিনের মধ্যে ইসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আরএফইডি নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।
নিউজ বাংলা চ্যানেল