ঢাকা | খ্রি.

কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং | Photo Card
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা ও শহর আওয়ামী লীগের আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামিই পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

তিন অভিযোগে বিচার

মামলায় চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দমনে উসকানি ও সহায়তা, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ এবং ২০২৪ সালের ৫ আগস্ট শহরটিতে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা।

প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই এবং ৩ আগস্ট আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন সভা ও বৈঠকে উপস্থিত ছিলেন হানিফ। এসব সভায় দেওয়া বক্তব্যকে সমর্থনের পাশাপাশি ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে আন্দোলন দমনে উসকানি ও সহায়তা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রসিকিউশনের দাবি, তৎকালীন সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকে সমর্থন করেন হানিফ। ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা বাস্তবায়নেও তাঁর সমর্থন ছিল বলে অভিযোগ করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হানিফের নেতৃত্বে দলটির স্থানীয় নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে শান্তিপূর্ণ আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে কুষ্টিয়া শহরে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয় বলে প্রসিকিউশনের দাবি। এ অভিযোগে হানিফের পাশাপাশি সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতার নাম রয়েছে।

৫ আগস্ট ছয়জনকে হত্যার অভিযোগ

মামলার তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে। নিহত ব্যক্তিরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সেদিন কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামেন। সকাল ১০টার দিকে হাজারো ছাত্র-জনতা শহরের হাসপাতাল মোড়ে জড়ো হয়ে চৌড়হাস থেকে মজমপুরের দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।

অভিযোগে বলা হয়, হানিফের পরিকল্পনা ও নির্দেশনার ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান। এ সময় পুলিশ তাঁদের সহায়তা করে এবং কোনো কোনো ক্ষেত্রে পুলিশের সদস্যদের সঙ্গে একযোগে গুলি চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই দিন দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলিতে ছয়জন নিহত হন। আশরাফুল ইসলাম বক চত্বরের কাছে, সুরুজ আলী বাবু বার্মিজ গলিতে, আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা হরিপুরগামী সড়কে আড়ংয়ের সামনে, বাবলু ফরাজী তুলাপট্টির গলিতে এবং ইউসুফ শেখ ফায়ার সার্ভিসের বিপরীত পাশের সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এসব হত্যাকাণ্ডে চার আসামির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে প্রসিকিউশন। তাঁদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, উসকানি, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।

যেভাবে এগিয়েছে বিচার

গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়।

এর আগে ১০ জুন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০২৫ সালের ৫ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ২ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের একাধিক প্রসিকিউটর উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন দায়িত্ব পালন করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর: আকামা নবায়নে কফিল পরিব

সৌদিতে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর: আকামা নবায়নে কফিল পরিব