নিজস্ব প্রতিবেদক
জন্মদিন মানেই কেক, উপহার আর বর্ণিল আয়োজন। তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির এবারের জন্মদিনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শিউলি ফুল। প্রিয় এই ফুলের প্রতি ভালোবাসার কথা জেনে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় দুই মণ শিউলি পাঠিয়েছেন এক ভক্ত। ব্যতিক্রমী এই উপহার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে ফুল পাঠানো সেই ভক্তের পরিচয় কী?
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুই মণ শিউলি ফুল চেয়ে একটি স্ট্যাটাস দেন পরীমনি। ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে ফুলগুলো প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি। অভিনেত্রীর সেই আবদারে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় পাঠানো হয় টাটকা শিউলি ফুল।
জন্মদিনে এমন বিশেষ উপহার পেয়ে মুগ্ধতা প্রকাশ করেন পরীমনি। তবে কে এই আয়োজনের নেপথ্যে রয়েছেন, তা নিয়ে তৈরি হয় কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে রসিকতায় যোগ দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। তাঁর একটি ফেসবুক পোস্টে মন্তব্য করে পরীমনি জানান, ফুল পাঠানো সেই ভক্ত কোনো পুরুষ নন, বরং একজন নারী।
গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে বিশেষ আয়োজন করেন অভিনেত্রী।
জন্মদিনের সাজসজ্জাজুড়েই ছিল শিউলি ফুলের উপস্থিতি। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে চারপাশের সাজে ফুটে ওঠে ফুলটির স্নিগ্ধতা। এমনকি নিজের পোশাকেও প্রিয় ফুলের ছাপ রেখেছিলেন পরীমনি। শিউলি ফুলের নকশা করা আকর্ষণীয় শাড়িতে সেজেছিলেন তিনি।
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম কেউ যেন ফুল এনে দেয়, কারণ এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি ভালো থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ভক্ত চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে আমার জন্য ফুল পাঠিয়েছে!’
প্রিয় ফুলের প্রতি ভালোবাসা থেকেই দুই মণ শিউলি চেয়েছিলেন পরীমনি। সেই আবদার পূরণে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠানোর ঘটনা তাঁর জন্মদিনের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। তবে দূরত্ব পেরিয়ে এমন ব্যতিক্রমী উপহার পাঠানো নারী ভক্তের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। ফলে তাঁকে ঘিরে কৌতূহল রয়ে গেছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।
নিউজ বাংলা চ্যানেল