নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৪ জন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সে হিসাবে, যুদ্ধবিরতির পর গাজায় প্রতিদিন গড়ে চারজনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত আরও ৫ হাজার ৪৮৬ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া এ সময়ে উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪১ জনের মরদেহ উদ্ধার করেছেন।
এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৪৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৬০৪ জন।
তবে হতাহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। নিরাপত্তাঝুঁকি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক এলাকায় উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি।
নিউজ বাংলা চ্যানেল