নিজস্ব প্রতিবেদন
ম্যাচ ঘিরে ছিল তীব্র বিতর্ক, বয়কটের আহ্বান এবং আন্তর্জাতিক মনোযোগ। শেষ পর্যন্ত মাঠে নেমেই নিজেদের অবস্থানের জানান দিল রিপাবলিক অব আয়ারল্যান্ড। উয়েফা নেশনস লিগের ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে আইরিশরা। একই সঙ্গে ম্যাচজুড়ে গাজায় নিহতদের স্মরণে বিভিন্ন প্রতীকী কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা।
রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আয়ারল্যান্ড। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ১৩ মিনিটে ট্রয় প্যারট, ১৬ মিনিটে অ্যাডাম ইদাহ এবং ২৫ মিনিটে জ্যাক ময়লান গোল করে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আইরিশ দল।
তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় ছিল আয়ারল্যান্ডের প্রতীকী প্রতিবাদ। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ফুুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কুরেল জানিয়েছিলেন, সংঘাতে নিহতদের স্মরণেই এই আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময়ও ভিন্ন অবস্থান দেখা যায়। আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। ম্যাচ শুরুর আগে ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে প্রচলিত করমর্দকেও এড়িয়ে যান তারা। অধিনায়ক দারা ও’শে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করলেও ইসরায়েল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হাত মেলাননি।
ম্যাচটি বয়কটের আহ্বানের মধ্যেই খেলতে নামে আয়ারল্যান্ড। ম্যাচের আগে দলের মধ্যে দীর্ঘ আলোচনা ও ভোটাভুটির পর উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতায় ম্যাচটি খেলার সিদ্ধান্ত হয়। তবে গোলরক্ষক গ্যাভিন বাজুনু দুই ম্যাচ থেকেই সরে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান, নিজের নীতিগত অবস্থানের কারণে ইসরায়েলের বিপক্ষে খেলায় অংশ নেওয়া তাঁর কাছে সঠিক মনে হয়নি।
মে মাস থেকেই ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’সহ বিভিন্ন মহল ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে আসছিল। ১৬০-এর বেশি আইরিশ ক্রীড়াবিদও এফআইকে ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেন। তাদের দাবি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দলগুলোর ম্যাচ আয়োজন আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে উয়েফা ও ফিফার ব্যবস্থা নেওয়া উচিত।
ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলেও বিতর্ক থামেনি। বরং ৩-০ ব্যবধানের জয় এবং মাঠে আইরিশ খেলোয়াড়দের প্রতীকী অবস্থানের পর আয়ারল্যান্ড-ইসরায়েল দ্বৈরথটি আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক ও মানবিক ইস্যুর সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে। আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা টোপোলায় দুই দলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল