মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার উদ্ধার করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে সবচেয়ে বেশি ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে সব মিলিয়ে ২৬১ বস্তা সার জব্দ করা হয় এবং চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি বা বেশি দামে বিক্রি করে কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বাংলা চ্যানেল