ঢাকা | খ্রি.

আর্জেন্টিনা ছাড়লেও ফুটবলেই থাকছেন মেসি, গড়ছেন নিজের সাম্রাজ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
আর্জেন্টিনা ছাড়লেও ফুটবলেই থাকছেন মেসি, গড়ছেন নিজের সাম্রাজ্য ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। বিশ্বকাপজয়ী অধিনায়ক জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও ফুটবল থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং খেলোয়াড়ি জীবনের পরও ভিন্ন ভূমিকায় ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিজস্ব স্পোর্টস সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করছেন এই ফুটবল তারকা।

৩৯ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। বয়স তার পারফরম্যান্সে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এরই প্রমাণ মিলেছে গত শনিবার, ক্লাবটির হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন তিনি। চলতি এমএলএসে ১৮ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও রয়েছেন মেসি।

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ মেসি। ফলে ২০২৭-২৮ মৌসুমেও তার মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। ক্লাবটি কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারলে শিরোপার লড়াইয়েও মেসিকে দেখা যেতে পারে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত খেলতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। ক্যারিয়ারের কোন পর্যায়ে বুটজোড়া তুলে রাখবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা মেসির নিজের।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই যদি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন মেসি, তাতেও ইন্টার মায়ামির সঙ্গে তার সম্পর্ক শেষ হবে না। খেলোয়াড়ের ভূমিকা ছাড়ার পর তাকে ক্লাবের নীতি-নির্ধারণী কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক দায়িত্বে রাখার পরিকল্পনাও করেছে মায়ামি কর্তৃপক্ষ।

তবে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা শুধু ইন্টার মায়ামিকে ঘিরে নয়। নিজের একটি স্পোর্টস সাম্রাজ্য গড়ে তোলার দিকেও এগোচ্ছেন তিনি। চলতি বছর স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ইউনিয়ন এস্পোর্তিভো কর্নেলার মালিকানা কিনেছেন মেসি। এর পাশাপাশি রয়েছে তার পারিবারিক প্রকল্প ‘লিওনেস এফসি’ এবং উরুগুয়ের এলএসএমে বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথ উদ্যোগ।

জাতীয় দলের হয়ে মেসির বিদায় নিশ্চিত হলেও ক্লাব ফুটবলে তার শেষটা কবে হবে, সেটি সময়ই বলে দেবে। তবে খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ফুটবল থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই এলএমটেনের। খেলোয়াড়ি পরিচয়ের বাইরে নতুন ভূমিকায়ও ফুটবলের সঙ্গেই যুক্ত থাকার পথ তৈরি করছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে

সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের আগুন নিয়ন্ত্রণে