সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে ইব্রাহিম রেজায়ি বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা চুক্তি সৌদিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তার মতে, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের ওপর একতরফাভাবে নির্ভর করেও সৌদি আরব কাঙ্ক্ষিত নিরাপত্তা পায়নি।
সৌদি আরবের নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিরাপত্তার জন্য যেন অন্য দেশের ওপর নির্ভর করতে না হয়, সে অনুযায়ী দেশটির নীতি পরিবর্তন করা উচিত।
এর আগে শুক্রবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে বাকি দুই দেশ আক্রান্ত দেশের প্রতিরক্ষায় এগিয়ে আসবে। এ কারণে চুক্তিটিকে ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে।
তবে তুরস্কের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি।
এদিকে সৌদি আরব যখন বিভিন্ন দিক থেকে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, ঠিক এমন সময়েই তিন দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো।
সৌদি আরবের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সমর্থনপুষ্ট ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও ইয়েমেন থেকে সৌদি আরবে বড় ধরনের সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে রিয়াদ।
নিউজ বাংলা চ্যানেল