ঢাকা | খ্রি.

নারায়ণগঞ্জে ‘বন্দুক’ হাতে ভিডিও ভাইরাল, দুই তরুণ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
নারায়ণগঞ্জে ‘বন্দুক’ হাতে ভিডিও ভাইরাল, দুই তরুণ আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘেরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩) নামের ওই দুই তরুণকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুকও উদ্ধার করা হয়েছে।

আটক লিমন তোহা বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। তার বয়স ২২ বছর। অন্যদিকে ইয়াসিন মোল্লার বাবা স্বপন মোল্লা। দুই তরুণের বাড়িই বন্দর বাজার এলাকায়। ভিডিওটি যে এলাকায় ধারণ করা হয়েছে, সেটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা বন্দুক দুটি আসলে খেলনা। পুলিশ সেগুলো উদ্ধার করেছে। পাশাপাশি ভিডিওতে থাকা দুই তরুণকেও হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন ও ইয়াসিন জানিয়েছেন, টিকটকের জন্য ভিডিও তৈরির উদ্দেশ্যেই খেলনা বন্দুক ব্যবহার করেছিলেন তারা। পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি গত সাত বছর ধরে টিকটক করেন। আর ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করে পড়াশোনা চালিয়ে যাননি এবং গত দুই বছর ধরে টিকটক করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি ৩৫ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও টুপি পরা দুই তরুণকে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে বন্দুক হাতে ঘুরতে দেখা যায়। একপর্যায়ে তারা পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন মানুষের দিকে বন্দুক তাক করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে অনুসন্ধানে জানা যায়, টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। এরপর লিমনের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি পোস্ট করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আবারো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফরিদা পারভীন

আবারো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফরিদা পারভীন