ঢাকা | খ্রি.

কক্সবাজারে দিনদুপুরে সশস্ত্র ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহনের যাত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং | Photo Card
কক্সবাজারে দিনদুপুরে সশস্ত্র ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহনের যাত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিজেস্ব প্রতিবেদক :      কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে দুই দফায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রী লুটপাটের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

দিনদুপুরে গুরুত্বপূর্ণ এই সড়কে ধারাবাহিক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সড়কটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কের নির্জন অংশে অবস্থান নিয়ে দুই দফায় ডাকাতি চালায়। ডাকাতদের কবলে পড়া যানবাহনের অধিকাংশই ছিল সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। তবে লুটপাটের শিকার যানবাহনের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতেরা। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

রবিউল ইসলামের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা একের পর এক যানবাহন থামিয়ে যাত্রীদের মালামাল লুট করে। তাঁর হিসাব অনুযায়ী, ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রী এই ডাকাতির শিকার হন।

তিনি আরও জানান, বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরপর দুই দফায় এমন প্রকাশ্য ডাকাতির ঘটনায় ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এখন জরুরি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ, রাশিয়ার সতর্কবার্তা

গাজা ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব পাশ, রাশিয়ার সতর্কবার্তা