নিউজ বাংলা ডেস্ক: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত তিনজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও আটক ব্যক্তি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ ও ধারাবাহিকতা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ বাংলা চ্যানেল