ঢাকা | খ্রি.

আবরার হত্যার প্রতিবাদই ছিল তাঁর ‘অপরাধ’: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং | Photo Card
আবরার হত্যার প্রতিবাদই ছিল তাঁর ‘অপরাধ’: রিজভী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি কোনো দেশবিরোধী চক্রান্ত কিংবা আগ্রাসী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি : আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর পাশে বসার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিগত শাসনামলে দেশের সার্বভৌমত্ব দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে, তারা তা মনে রাখবে। তাঁর ভাষ্য, এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ করেছিলেন, সেটিই ছিল তাঁর ‘আসল অপরাধ’।

রিজভী বলেন, আবরারকে হত্যার মাধ্যমে একটি তরুণ কণ্ঠকে স্তব্ধ করার পাশাপাশি পুরো জাতিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই হত্যাকাণ্ড উল্টো দেশপ্রেমিক জনগণের মধ্যে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। তাঁর দাবি, আবরারের আত্মত্যাগের মধ্য দিয়ে যে প্রতিবাদের বীজ বপন হয়েছিল, তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে।

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, যে কারণে আবরার ফাহাদ জীবন দিয়েছিলেন, সেই মূল্যবোধ ও প্রতিবাদের সাহসকে ধারণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। ৫ আগস্টের পর বুয়েটসহ বিভিন্ন স্থানে যে ধরনের অশালীন প্রদর্শন দেখা গেছে, আবরার বেঁচে থাকলে এসব দেখে তিনি কষ্ট পেতেন বলেও মন্তব্য করেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আগ্রাসনের বিরুদ্ধে আবরারের প্রতিবাদের ভাষা ছিল শক্ত, স্পষ্ট ও সাবলীল। তাঁর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে অন্যায়, আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনুষ্ঠানে আসার আগে তিনি আবরার ফাহাদের সেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখেছেন, যে পোস্টের পরিপ্রেক্ষিতে আবরারকে শাহাদাত বরণ করতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, আবরারের সেই বক্তব্যের সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনে নামা মানুষের চিন্তা ও দাবির মিল রয়েছে।

তিনি বলেন, আবরারের মূল বক্তব্য ছিল রাষ্ট্রের সম্পদ অন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়া এবং রাষ্ট্রীয় স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার প্রতিবাদ। এ কারণেই আবরারের বক্তব্য ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নাগরিক শিক্ষা হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল। কিন্তু সংগঠনটিকে নিষিদ্ধ না করে তৎকালীন বুয়েট কর্তৃপক্ষ ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছিল বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, এর মধ্য দিয়ে পুরো ছাত্ররাজনীতিকে নিষিদ্ধ করার একটি প্রবণতা তৈরি হয়েছিল।

তিনি বলেন, ছাত্ররাজনীতি মেধাবীদের রাজনীতি। দেশের অনেক রাজনীতিক ছাত্ররাজনীতি থেকেই উঠে এসেছেন। মেধাবীদের নেতৃত্বে রেখে ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় পরিচালিত করা গেলে প্রতিটি ছাত্রসংগঠন থেকেই ভবিষ্যতে দেশের বরেণ্য রাজনীতিক তৈরি হতে পারেন।

বরকত উল্লাহ আরও বলেন, শুধু কিছু ব্যক্তির রাজনীতিকে পরাস্ত করলেই ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয় না। এ বাস্তবতা মাথায় রেখে আবরার ফাহাদের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। তাঁর আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে অন্যায়, আধিপত্য ও স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বক্তব্য দেন।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ভালুকায় বিউটি পার্ল

বিএনপিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ভালুকায় বিউটি পার্ল