নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নানা সংকটে দেশের তৈরি পোশাকশিল্প কঠিন সময় পার করছে। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তায় তৈরি পোশাক খাত চাপে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার এবং আগের তুলনায় কম ক্রয়াদেশ পাওয়ার সমস্যা। অন্যদিকে বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মুখে পড়েছে।
তিনি বলেন, দেশের প্রধান রফতানি খাতকে টিকিয়ে রাখতে হলে শিল্পটির বিদ্যমান সমস্যাগুলো দূর করতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধানের পথ তৈরি হবে।
জামায়াত আমির বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ তাই শিল্প উদ্যোক্তা ও এ খাতে নিয়োজিত শ্রমিকসহ সব জনশক্তির স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পোস্টে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। তাই তৈরি পোশাকশিল্পের সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
নিউজ বাংলা চ্যানেল