ঢাকা | খ্রি.

ফল প্রকাশের দুদিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ-৫ পেল শিহাব

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
ফল প্রকাশের দুদিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ-৫ পেল শিহাব ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় শিহাব। এরপর প্রকাশিত ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে। সন্তানের এই সাফল্যের খবর স্বজনদের আনন্দের বদলে আরও গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বজনরা জানান, শিহাব ছিল মেধাবী শিক্ষার্থী। তাদের ভাষায়, বেঁচে থাকলে নিজের ফলাফলে সে অনেক বেশি খুশি হতো।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের গাজীর বাড়ির তফাজ্জল হোসেনের বড় ছেলে শিহাব। পরিবারের সঙ্গে গাজীপুরে বসবাস করত সে। ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে শিহাব।

তবে ফল প্রকাশের দুই দিন আগে, ৮ আগস্ট চাচার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

শিহাবের চাচা জিয়াউল হক কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘শিহাব এসএসসিতে জিপিএ-৫ পাবে—এমন প্রত্যাশা আমাদের সবারই ছিল। শিহাব বেঁচে থাকলে আজ বাড়িটা খুশিতে ভরে উঠত। সবাই তাকে নিয়ে আনন্দ করত, মিষ্টি খাওয়াত। কিন্তু রেজাল্টের খবর আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না।’

পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।’

চাচার বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। ৮ আগস্ট ছিল তার চাচার বৌভাতের অনুষ্ঠান। ওই দিন দুপুরে গোসলের পর বাড়ির ছাদে ভেজা কাপড় শুকাতে দিতে যায় সে।

ছাদের কার্নিশে কাপড় নাড়ার সময় ডেকোরেশনে ব্যবহৃত ছেঁড়া মরিচবাতির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিহাব। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স