মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখনই সৌদির সঙ্গে এই বড় ধরনের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে, চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব কয়েক হাজার নিখুঁত-নির্দেশনা কিট, সাধারণ বোমা এবং লক্ষ্য শনাক্তকারী প্রযুক্তি পাবে।
প্রস্তাবিত চুক্তিতে মূল ঠিকাদার হিসেবে থাকছে বোয়িং কোম্পানি। প্রতিষ্ঠানটি ৫,০০৪টি কেএমইউ-৫৭২ এবং ৫,০০০টি কেএমইউ-৫৫৬ জেডিএএম গাইডেন্স কিট সরবরাহ করবে। এর সঙ্গে থাকবে ৫০০ ও ২,০০০ পাউন্ড ওজনের প্রায় ১০ হাজার বোমা, ফিউজ সিস্টেম এবং টার্গেট ডিটেক্টর।
যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, এসব সামরিক সরঞ্জাম সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তবে এর ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না।
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত, সৌদি আরবকে লক্ষ্য করে হামলা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে সক্রিয়তার মধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিচ্ছে রিয়াদ।
এর আগে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘১২৩ চুক্তি’ নামে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন অস্ত্র বিক্রির প্রস্তাব এবং ওই পারমাণবিক সহযোগিতা—দুই উদ্যোগকেই সৌদি-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল