ঢাকা | খ্রি.

পিংক বাস: নারীর আত্মনির্ভরতার পথে নতুন দিগন্ত, প্রশংসায় চিত্রনায়িকা বর্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
পিংক বাস: নারীর আত্মনির্ভরতার পথে নতুন দিগন্ত, প্রশংসায় চিত্রনায়িকা বর্ষা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগকে দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও স্বাগত জানিয়েছেন। এ উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

নিজের পোস্টে বর্ষা জানান, ব্যক্তিগতভাবে গোলাপি রঙ তার খুব বেশি পছন্দ নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাস তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং উদ্যোগটি তার কাছে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে।

পিংক বাসে দায়িত্ব পালনকারী নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, তাদের সাফল্য আরও অনেক নারীকে বড় স্বপ্ন দেখতে এবং আত্মনির্ভর হওয়ার সাহস জোগাবে। বর্ষার ভাষায়, মেয়েরা যখন প্রাইভেটকার, বিমান ও হেলিকপ্টার চালাতে পারে, তখন বাস চালানোও তাদের জন্য অসম্ভব নয়। সুযোগ ও প্রশিক্ষণ পেলে নারীরা যে কোনো কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে নারীদের জন্য সম্মানজনক ও উপযুক্ত কর্মসংস্থান পাওয়া কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় পিংক বাসের মতো উদ্যোগ নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘কাজ মানেই সম্মান’— এই বার্তা তুলে ধরে বর্ষা বলেন, মানুষ যে পেশাতেই যুক্ত থাকুক না কেন, সেই কাজের মধ্যে আত্মসম্মান, ভালোবাসা ও আনন্দ খুঁজে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমিও একদিন এই গাড়িটি চালাব”— এমন সাহস ও আত্মবিশ্বাস প্রত্যেক নারীর মধ্যে গড়ে উঠুক। কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

পিংক বাস প্রকল্পের মাধ্যমে আরও বেশি নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী। নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন সাহস, দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং তাদের সাফল্যের গল্প দেখে আরও অনেক নারী নিজস্ব স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত হন।

এ সময় পিংক বাসে নিজেও যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেন বর্ষা। তিনি বলেন, “ইনশাআল্লাহ, হঠাৎ করেই আমিও একদিন এই বাসের যাত্রী হয়ে যাব।”

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে আনুষ্ঠানিকভাবে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই বিশেষ সেবা চালু করা হয়েছে। এ বাসে শুধুমাত্র নারী যাত্রীদের জন্য যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এবং বাস পরিচালনার দায়িত্বেও রয়েছেন নারী চালক ও নারী কন্ডাক্টর।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স