তবে মেসিকে ঘিরে নির্ভরতা কমানোর কাজ অনেক আগেই শুরু করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ধীরে ধীরে মেসি-পরবর্তী সময়ের জন্য দল প্রস্তুত করতে থাকেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে মেসি যখন মাঠের বাইরে ছিলেন, তখনও ভিন্ন কৌশলে দলকে সাফল্য এনে দিতে পেরেছে আর্জেন্টিনা।
এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ২০২৪ সালের কোপা আমেরিকা। পুরো টুর্নামেন্টজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন মেসি। ফলে তার কাছ থেকে স্বাভাবিক পারফরম্যান্স পাওয়া যায়নি। ফাইনালেও ৬০ মিনিটের মাথায় চোটের কারণে মাঠ ছাড়তে হয় অধিনায়ককে। এরপরও লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা নিশ্চিত করে আকাশি-সাদারা। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-০ গোলে হারানোর ম্যাচেও মেসি ছিলেন না। এসব ফলাফলই দেখায়, মেসিকে ছাড়াও কার্যকর দল গড়ে তোলার পরিকল্পনা স্কালোনি অনেক আগেই বাস্তবায়ন শুরু করেছিলেন।
মেসির বিদায়ের পাশাপাশি আর্জেন্টিনার সামনে আরও কিছু পরিবর্তনের বিষয় রয়েছে। বিশ্বকাপের পর অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি অবসর নেওয়ার সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ নিয়েও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে চেলসিতে যোগ দেওয়ার পর তিনি আবারও পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।
অন্যদিকে রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারেদেসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সর্বশেষ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় হিসাব-নিকাশের প্রয়োজন দেখা দিয়েছে।
তবে মেসির অনুপস্থিতিকে কেন্দ্র করে আর্জেন্টিনার সামনে কেবল সংকটই নেই। স্কালোনির হাতে এখনও অভিজ্ঞ ও পরীক্ষিত একাধিক ফুটবলার রয়েছেন। ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজের মতো তারকারা দলকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন।
একই সঙ্গে ভবিষ্যতের জন্য তরুণ খেলোয়াড়দেরও দলে জায়গা করে দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। নিকো পাস, হুলিয়ানো সিমিওনে, কোলো বারকো, লেও বালের্দি, মাক্সিমো পেরোনে, আগুস্তিন গিয়াই, সান্তিয়াগো বেল্ত্রান, তোমাস আরান্দা, হোয়াকিন ফ্রেইতাস, মাতিয়াস সোউলে, ভালেন্তিন কারবোনি, আলেহান্দ্রো গার্নাচো এবং ফ্রাংকো মাস্তান্তুয়োনোর মতো উদীয়মান খেলোয়াড়রা সেই ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।
মেসির মতো একজন মহাতারকার জায়গা সরাসরি পূরণ করা সম্ভব নয়। তবে অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে স্কালোনির আর্জেন্টিনা নতুন একটি অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল