নিউজ বাংলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; পুলিশ হবে জনগণের বন্ধু, সেবক এবং আইনের নিরপেক্ষ প্রয়োগকারী।
রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সমুন্নত রাখতে পুলিশকে পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকিরসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল