ঢাকা | খ্রি.

আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনলাইনে বিনামূল্যে দেখা যাবে অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং | Photo Card
আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনলাইনে বিনামূল্যে দেখা যাবে অনুষ্ঠান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (৯ সেপ্টেম্বর)। যুক্তরাষ্ট্রের কুপারটিনোয় অ্যাপল পার্কে আয়োজিত অনুষ্ঠানটি নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এবারের আয়োজনে সবচেয়ে বেশি প্রত্যাশা করা হচ্ছে নতুন ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স নিয়ে।

বাজার বিশ্লেষক ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনে ২ ন্যানোমিটার প্রযুক্তির ‘এ২০ প্রো’ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি ফোনের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাটারির স্থায়িত্ব উন্নত করতে এবং অতিরিক্ত গরম হওয়া কমাতে সহায়তা করতে পারে।

আইফোন ১৮ প্রো ম্যাক্সে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত নতুন ক্যামেরা মডিউল যুক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর ফলে বিভিন্ন আলোক পরিস্থিতিতে আরও নিখুঁত ছবি তোলার সুবিধা মিলতে পারে। ফোনের বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন না এলেও ক্যামেরার আকার কিছুটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন আইফোনের পাশাপাশি এবারের অনুষ্ঠানে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে অ্যাপলের সম্ভাব্য প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে। গুঞ্জন অনুযায়ী, ‘আইফোন আলট্রা’ নামে বইয়ের মতো ভাঁজ করা এই ডিভাইসটিতে খোলা অবস্থায় ৭.৮ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় বাইরের দিকে ৫.৩ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

ফোল্ডেবল আইফোনটিতে ১২ জিবি র‍্যাম ও এ২০ প্রো চিপ ব্যবহারের পাশাপাশি পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে। এর টেলিফটো লেন্সেও পরিবর্তন আসতে পারে। নিরাপত্তার জন্য ফেস আইডির পরিবর্তে আবারও টাচ আইডি ব্যবহারের সম্ভাবনার কথাও রয়েছে।

এদিকে কাঁচামাল ও মেমোরি চিপ বা র‍্যামের দাম বেড়ে যাওয়ায় নতুন আইফোনের মূল্যও বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম শুরু হতে পারে ১,১৯৯ ডলার থেকে। আর ফোল্ডেবল আইফোনের দাম ২,৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

স্মার্টফোনের বাইরেও নতুন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য উন্মোচনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ও বায়োমেট্রিক সেন্সরকে গুরুত্ব দিয়ে তৈরি অ্যাপল ওয়াচ সিরিজ ১২ আসতে পারে। পাশাপাশি নতুন নকশার অ্যাপল ওয়াচ আলট্রা ৪ উন্মোচনের কথাও রয়েছে।

অডিওপ্রেমীদের জন্য অনুষ্ঠানে এয়ারপডস ৫ আসতে পারে। এতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে।

কুপারটিনোর মূল অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকছে শুধু আমন্ত্রিত অতিথিদের। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাপলপ্রেমীদের জন্য অনুষ্ঠানটি অনলাইনে বিনামূল্যে সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
খাতুনগঞ্জ আমদানির ঘোষণায় একদিনে পেঁয়াজের দাম কমলো কেজিতে ৪০

খাতুনগঞ্জ আমদানির ঘোষণায় একদিনে পেঁয়াজের দাম কমলো কেজিতে ৪০